বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনার রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, মহারাজপুর বিএনপি নেত্রী নিগার সুলতানা, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা।


