কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া এলাকায় অবস্থান নেয়।
সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী চারটি কাটুনে রাখা মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


