ঈশ্বরদীতে বিএনপি নেতা হাবিবকে অতিথি না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ বুধবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফজলুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার সহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমাদের কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ জুন/২০২৬ খ্রিঃ তারিখে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম এর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, পাবনা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম সরদারকে প্রধান অতিথি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) মোসাঃ শাহীনা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোঃ কামরুজ্জামান শেখ, জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুস রশিদ সরদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদারকে।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শুরু এক ঘন্টা আগে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের আবুল কাশেম ওরফে হালট কাশেমের নেতৃত্বে উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, আলম ওরফে দালাল আলম, মনিকার সহ আরও ১৫/২০ জনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে এসে হাবিবুর রহমান হাবিবকে অতিথি না করার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে হালট কাশেমের নির্দেশেই ওই সন্ত্রাসীরা অনুষ্ঠানের মঞ্চ, চেয়ার-টেবিল, ব্যানার ভাংচুর করে এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অতিথিদের জন্য রান্না করা ডেক ভর্তি খাবার নষ্ট করে দেয়। এক পর্যায়ে স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে আমি বিএনপি করিনা মর্মে আমাকে এবং শিক্ষক-শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি এই ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সর্বপ্রথম ২১শে জুলাই আমিই গ্রেফতার হয়। ৫ আগস্টে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ৬ আগস্ট মুক্তি পায়। এর আগেও দলের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভূমিকা পালনদানের জন্য অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল খেটেছি। ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং সলিমপুর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। গত ১৭ বছর দলের সব ধরণের কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে রাজপথের কর্মসূচির সফল বাস্তবায়ন করেছি। বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। আমার স্কুলের অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মীদের দ্বারাই হামলার শিকার হব এটা কল্পনাতেই ছিল না। আমি ন্যাক্কার জনক এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আপনারা জানেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এই অঞ্চলের বিএনপি’র একজন বর্ষিয়ান নেতা। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, পাবনা-৪ আসনের সাবেক সফল এমপি এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পাবনার কৃতি সন্তান এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ১/১১ এর সময় এক সাথে ১৩ মাস জেল খেটেছেন। এছাড়াও বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশে সক্রিয় অংশ গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপক প্রশংসাও কুড়ান তিনি। সর্বশেষ দলের সিদ্ধান্ত মেনে সব সময় তিনি ধানের শীষের পক্ষে থেকেছেন। দলের বিপক্ষে গিয়ে ধানের শীষের বিপক্ষে কোন নির্বাচনে অংশগ্রহণ করেননি। অথচ ঈশ্বরদীতে তাকে মাইনাছ করেই বিএনপি’র একটি পক্ষ রাজনীতি করতে চায়। যা অসম্ভব। ঈশ্বরদীতে বিএনপি’র প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি সব কিছুতেই জনাব সিরাজুল ইসলাম সরদারের কি অবদান তা ঈশ্বরদীর মানুষ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাংবাদিক ভাইয়েরা সব জানেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন