এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ও ট্রান্সফরমার বদলে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এ ঘটনায় অফিসের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুরের পাশাপাশি পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের দুই শতাধিক লোকজন পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে তারা কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করেন।
এলাকাবাসী জানান, শিমরাইল গ্রামের কয়েকশ বাসিন্দা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন। গত ১৩ আগস্ট রাতে শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। ট্রান্সফরমার বদলের দাবিতে বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা পিডিবি কার্যালয়ে যান। একপর্যায়ে বিক্ষোভ শুরু করেন তারা।
হামলায় আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বিক্ষুব্ধ লোকজন আমার ওপর হামলা শুরু করেন। ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে লাইন সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচপাতি সব জায়গায় দেওয়া হয়।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পিডিবি দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সরে যান।


