ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান গ্রামে জামায়াতে ইসলামীর দুই কর্মীর দুইটি দোকানে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামায়েত ইসলামি বাংলাদেশের ঝালকাঠি -২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম । মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটের সময় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঝালকাঠি–২ আসনের জামায়াত ও জোট প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করা হয়েছে। আগেও আমাদের কর্মী ও সমর্থকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। এসব করে জনগণের রায় পরিবর্তন করা যাবে না। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এসময় বক্তারা জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বেশাইনখান গ্রামের বাজার এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামী সক্রিয় দুই কর্মীর দুইটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সকালে স্থানীয়রা আগুনে পোড়া দোকান দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। ঘটনার পর জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ জেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা।
এস.এম. পারভেজ


