আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জহুরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। মৎস্য খামারিদের পক্ষে বক্তব্য দেন চাঁদভা এলাকার সফল মৎস্য খামারি আবু তাহের।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। দেশের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাতকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য খামারিকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—চাঁদভা এলাকার সফল মৎস্য  খামারি আবু তাহের, শ্রীকান্তপুর গ্রামের আমানত আলী এবং পারখিদিরপুরের মৎস্য খামারি নাজমা শারমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খানম, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মওলানা নকিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আব্দুল আলিম মাসউদ, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী খোকন বিশ্বাস ও অফিস সহকারী খালেদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আটঘরিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন