মেহেরপুর জেনারেল হাসপাতালে অনিয়ম করে ২০ লাখ টাকার পর্দা ক্রয়

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০২৫-২৬ অর্থবছরে ওসিসি ও স্টেশনারি সামগ্রী ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবির, প্রধান অফিস সহকারী আসাদুল ইসলাম লিটন এবং স্টোর কিপার পলি খাতুনের নাম উঠে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, ৩৫ লাখ টাকার স্টেশনারি সরবরাহের কাজ ইজিপির মাধ্যমে মেহেরপুর ট্রেডিং পেলেও তাদের কাছ থেকে মাত্র ৯ লাখ টাকার মালামাল নেওয়া হয়েছে। বাকি ২৬ লাখ টাকার মধ্যে শুধু নতুন ভবনের পর্দা ক্রয়ে ২০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে কতটি পর্দা কেনা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।
ঠিকাদার দেবাশীষ বাগচি দাবি করেন, টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অন্যভাবে মালামাল কেনা হয়েছে, যা নিয়মবহির্ভূত। অন্যদিকে স্টোর কিপার ও প্রধান অফিস সহকারী বলেন, সাবেক সুপারের নির্দেশেই এসব ক্রয় সম্পন্ন হয়েছে। তবে সাবেক তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবির দাবি করেন, ক্রয় কমিটির মাধ্যমে বিধি মেনেই কেনাকাটা করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন