‎খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা,সভাপতি মুহা. ওয়েসকুরুনী, সেক্রেটারি ইয়াসিন সারাফাত

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহা. ওয়েসকুরুনী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন সারাফাত।

‎এ উপলক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাপ সদস্য ও খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রশিবিরের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শিক চেতনা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য, দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করতে হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মেহেদী হাসান। তিনি বলেন, নতুন নেতৃত্বের ওপর সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সততা, দায়িত্বশীলতা ও আত্মত্যাগের মনোভাব নিয়ে কাজ করলে ছাত্রসমাজের আস্থা আরও সুদৃঢ় হবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস. এম. আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন।

‎বক্তারা নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বলেন, শিক্ষা, চরিত্র গঠন, সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের মাঝে ইতিবাচক ভূমিকা রাখতে নতুন নেতৃত্ব সচেষ্ট থাকবে। তারা আশা প্রকাশ করেন, সভাপতি মুহা. ওয়েসকুরুনী ও সেক্রেটারি ইয়াসিন সারাফাতের নেতৃত্বে খুলনা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

‎অনুষ্ঠানের শেষাংশে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন