শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ তিনজন আটক, জব্দ মোটরসাইকেল

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে আটক ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ আধারা এলাকার নাদিম পাটোয়ারী (৩২), মারুফ পাটোয়ারী (২৯) এবং তাদের অপর এক সহযোগী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যা মামলার আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন