চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ জুন ২০২৬) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে কড়ইয়া গাজী বাড়ির মো. সজিব (২২) কে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এসআই (নিরস্ত্র) মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর কচুয়ার ৭নং ওয়ার্ডের দুলালের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে উজানী এলাকার সুমন (২১) ও মো. সুমন (২০) নামে দুইজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, এসআই (নিরস্ত্র) মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার করইশ দক্ষিণপাড়া এলাকায় বাচ্চু মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করে আকিয়ারা গ্রামের মো. সোহাগ (২৮) কে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


