মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ‘শহীদ আব্দুল মালেক বৃক্ষ উদ্যান’ উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া পশ্চিম শাখা। শনিবার (২০ জুন) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি রুহুল আমিন। সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি তায়েফ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।
বক্তব্যে তানজির হোছাইন জুয়েল বলেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ছাত্রশিবির দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। ‘শহীদ আব্দুল মালেক বৃক্ষ উদ্যান’ স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক জুয়েল আহমদ এবং সাবেক অফিস সম্পাদক তরিকুল ইসলাম খান। এছাড়া থানা মাদ্রাসা সম্পাদক সাঈদ বিন ফয়েজ রাহিবসহ স্থানীয় নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা উদ্যানের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, স্থানীয়ভাবে দীর্ঘমেয়াদি সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


