শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ৩৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর এলাকার কলাওয়ালা বাড়ির পাশে জসিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২৮)-কে আটক করা হয়।
আটককৃত মেহেদী হাসান উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের কালোচৌ (মজুমদার বাড়ী) এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় মামলা নং-৪৪, তারিখ ১৮ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে একই দিনে কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন