গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের আকস্মিক অবস্থানের কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু এটি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মসূচি, তাই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


