গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে কদম গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শামিম (৩০) নামে এক যুবক। শনিবার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের দেওয়া খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ফুটবলপ্রেমী শামিম নিজ সমর্থিত দলের পতাকা টাঙানোর জন্য গাছে উঠেছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফুটবল উন্মাদনায় পতাকা টাঙাতে গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে ওঠার কারণে দেশে বিভিন্ন দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই সকলকে নিরাপদ স্থানে থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সচেতন মহল ও ফায়ার সার্ভিস।


