চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল, দেশীয় অস্ত্র ও চোরাচালানে ব্যবহৃত নৌযান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক গামবোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র (ছুরি), বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা মূল্যের ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪টি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। এ ঘটনায় দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়েছে।
অপরদিকে, ১১ জুন ভোর ৪টার দিকে পতেঙ্গা থানার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় চোরাচালান, চুরি এবং অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


