সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদারের ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি পাতানো মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পুর্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়, যাহাতে চরমভাবে মিথ্যাচার করে সমাজে হেয় করা হয়েছে।তিনি জানান, নলতা ইউনিয়নের মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন। ওই জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাঁধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ও তার পরিবারের সদস্যদের উপরে হামলার অভিযোগও করেন তিনি।লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে আদালতে একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


