বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ জুন) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায়।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলসহ রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা, প্রজেক্ট অফিসার অনুপ রায়।র্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইয়ুথ ফর সুন্দরবন-এর সদস্যরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে সবাইকে সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানান তারা।


