বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মতলবের চার নেতার গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন লাভ উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও মতলব পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওন সহ-সাংগঠনিক সম্পাদক এবং মো. মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করে।
আনন্দ মিছিলটি মতলব বাজারের রিকশা স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের সফলতা কামনা করেন।
মিছিল শেষে ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটিতে মতলবের চার নেতার অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মতলববাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পদায়ন হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে মতলবের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন নেতৃত্ব যুবসমাজকে সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী সহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী সংগঠনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।


