বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানের আলীকদমে ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে ১৪ মাসের শিশু মাংসাই ম্রোর মৃত্যু

বান্দরবান, গত ৩ জুন ২০২৬: বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে মাংসাই ম্রো (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (৩ জুন) সকাল ১১টা ৪২ মিনিটে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মাংসাই ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাংলি পাড়ার বাসিন্দা দনতুম ম্রো ও তুমরুং ম্রো দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শিশুটি ডায়রিয়া ও কলেরার উপসর্গে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করেন। তবে সকল প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সম্প্রতি হাম, ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
উল্লেখ্য, এর আগে আলীকদম উপজেলায় হামে আক্রান্ত হয়ে ৭ জন শিশু ও ২ জন তরুণীসহ মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কলেরায় আক্রান্ত হয়ে আরও একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী লামা উপজেলায় হামে আক্রান্ত হয়ে ৩ জন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন