গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার সহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কুখ্যাত তিন সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমত টেক্সটাইল এর ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের পালক ছেলে কাজী সাব্বির হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
একপর্যায়ে চালকসহ যাত্রীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় প্রাইভেটকারের চালক দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। গোপনে তথ্য পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বুধবার ভোর সাড়ে ৩টায় উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ,ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


