দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১ জুন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে উপজেলার চাপড়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে এসব নেশাজাতীয় ট্যাবলেট দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা মালামাল ফেলে পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত অঞ্চলে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে বিভিন্ন সময়ে মাদকদ্রব্য, ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। এর ফলে সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উর জামান বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও চোরাচালান সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। তাই এ ধরনের অপরাধ দমনে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


