সিরাজগঞ্জ-১ ( কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা নিশ্চিত করতে যোগ্য ও সুনামধন্য ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করা হবে।
এক নির্বাচনী সভায় সেলিম রেজা বলেন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং নকলমুক্ত কাজিপুর গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম গ্রহণ এবং প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।
উচ্চশিক্ষা গ্রহণে অস্বচ্ছল ও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে সেলিম রেজা বলেন, তাদের লেখাপড়া চালিয়ে নিতে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হবে। “শিক্ষার আলো থেকে যেন কোনো মেধাবী শিক্ষার্থী বঞ্চিত না হয়—এটাই আমার লক্ষ্য। এজন্য আমার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় তার ঘোষিত উদ্যোগকে স্বাগত জানান এবং বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।


