দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত ‘দিঘারন ফলিমারী ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প’ এলাকার সামনের সড়কটির অবস্থা এখন শোচনীয়। এটি কেবল আশ্রয়ণ প্রকল্পের ভেতরের কোনো সাধারণ রাস্তা নয়, বরং অত্র এলাকার ঐতিহ্যবাহী বেলতলী বাজার, শিমুলতলী বাজার এবং বিন্নাকুড়ি যাওয়ার মূল সংযোগ সড়ক। প্রতিদিন এই একমাত্র রাস্তাটি ব্যবহার করে আশেপাশের ৮ থেকে ১০টি গ্রামের কয়েকশো পরিবারের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। অথচ দীর্ঘদিনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তায় এক হাঁটু পরিমাণ পানি জমে থাকছে।
স্থানীয় ভুক্তভোগী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বিন্নাকুড়ি, বেলতলী ও শিমুলতলী বাজারে সারাদিন সাধারণ মানুষের আনাগোনা থাকে। পচনশীল কৃষিপণ্য, ব্যবসায়ী মালামাল এবং দূর-দূরান্তের যাত্রী পরিবহনে এই রাস্তাটি এই অঞ্চলের প্রধান লাইফলাইন। কিন্তু পরিকল্পিত ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই পুরো রাস্তাটি নদী বা খালের রূপ ধারণ করে। এতে স্থবির হয়ে পড়েছে বাজারগুলোর ব্যবসা-বাণিজ্য এবং থমকে গেছে ৮-১০টি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল। নোংরা ও আবদ্ধ পানির ওপর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, শিশু ও বয়োবৃদ্ধরা।
এলাকাবাসী ও বাজার কমিটির অভিযোগ, এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং একটি কার্যকর ড্রেন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। যে রাস্তা দিয়ে প্রতিদিন ৮-১০টি গ্রামের কয়েকশো পরিবারের মানুষ এবং বাজারের ক্রেতা-বিক্রেতারা যাতায়াত করেন, তার এমন বেহাল দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সমস্যার টেকসই সমাধান করে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাটি সচল করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ ব্যবসায়ী সমাজ।


