দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে, ২০২৬) সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, পার্বতীপুর-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশ এবং তৃণমূল পর্যায়ে ইসলামি শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুরের ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মোঃ সারাফাত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন জিসি ডাঃ হাফেজ মাওলানা মোঃ মশিউর ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকারগণ।
আলোচনা সভায় বক্তারা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতন, নৈতিক ও মানবিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


