কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় একটি বেগুন ক্ষেত থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৯৯ হাজার ৯৪০ পিস, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা শনিবার দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে একটি বেগুন ক্ষেতের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করিয়ে সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলোও একই উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এ সফল অভিযানের প্রশংসা করে বলেছেন, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।


