বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কলেজছাত্রীকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে সিঁদ কেটে ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চম্পাপুর ইউনিয়নের উত্তর-পূর্ব চালিতাবুনিয়া এলাকার একটি বসতঘরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা নদীতে মাছ ধরতে গেলে বাড়িতে একা থাকা ১৭ বছর বয়সী ওই ছাত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত রাব্বি সহযোগীদের নিয়ে ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৪)(খ) ধারা এবং পেনাল কোডের ৪৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্ত মোঃ রুবেল মৃধা (৪০) ও মোঃ ইমন (৩০)-কে গ্রেফতার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন