“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সেবা কার্যক্রম। মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
সকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সেবাগ্রহীতারা ভার্চুয়ালি কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন। অনুষ্ঠানে সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও সেবার আধুনিকায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় ই-নামজারি (ই-মিউটেশন), অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংশোধন, ডিজিটাল নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিভিন্ন স্টলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত নানা জটিলতার বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করেন।
মেলায় আগত অনেকেই জানান, অনলাইনে ভূমিসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধির ফলে সময় ও খরচ দুটোই কমেছে। বিশেষ করে দাখিলা প্রদান, নামজারি ও খতিয়ান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সেবা এখন সহজেই পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। অনলাইনভিত্তিক সেবার ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং দালালচক্রের দৌরাত্ম্যও অনেকাংশে হ্রাস পেয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সারাদেশে একযোগে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবার আওতায় আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


