সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শহরের সুবিধা যাবে গ্রামে: হাটহাজারীতে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি

গ্রামীণ জনপদকে শহরের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
 মঙ্গলবার (১২ মে) নিজের সংসদীয় এলাকা চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে আটটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই, নালা (ড্রেন), কালভার্ট এবং সেতু নির্মাণসহ জনসাধারণের চলাচল সহজতর করার নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন কাজ।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি আজ হাটহাজারী পৌরসভার শীলছড়ি সড়ক কার্পেটিং ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সড়কে এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে নবনির্মিত সেতু ও কালভার্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে প্রতিটি অঞ্চলে সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যেতে চান, আমরা সেই সমৃদ্ধ আগামীর অভিযাত্রার গর্বিত সহযাত্রী।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বলেন, আমরা এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই যেখানে বিশ্বের বুকে পাসপোর্ট হাতে নিয়ে আমরা গর্বভরে বলতে পারব—আমরা বাংলাদেশি। আমাদের প্রতিটি কর্মকাণ্ডে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করতে হবে। তিনি আশ্বাস দেন যে, হাটহাজারীর শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে ভবিষ্যতে আরও বৃহৎ প্রকল্প গ্রহণ করা হবে।
উন্নয়ন কাজের উদ্বোধনের পাশাপাশি এদিন প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি কঠোর বার্তা দেন। মীর হেলাল বলেন, আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকার ছবি কিংবা রাজনৈতিক পরিচয় কোনোভাবেই অপরাধ করার লাইসেন্স হতে পারে না। কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোগান্তির কারণ যেন দল বা অঙ্গসংগঠনের কেউ না হন।
আটটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন