বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রৌফাবাদে গুলিবিদ্ধ রেশমির সুচিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান ডা. আবু নাছের’র

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত ১১ বছরের শিশু রেশমি আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজ নিয়েছেন ডাক্তার মো. আবু নাছের।
বৃহস্পতিবার রাতে নগরের রৌফাবাদ কলোনি এলাকায় সংঘটিত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয় শিশু রেশমি। একই ঘটনায় রাজু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রেশমিকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে দ্রুত ট্রিটমেন্ট হাসপাতালের সিএসটিসি ইউনিটে স্থানান্তর করা হয়। পরে রাতেই হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ নেন ডা. আবু নাছের এবং দ্রুত প্রাথমিক অপারেশনের উদ্যোগ গ্রহণ করেন।
ডা. নাছের জানান, ‘সন্ত্রাসীরা গুলি চালিয়ে এলাকা ত্যাগ করার সময় নিরীহ শিশু রেশমি গুলিবিদ্ধ হয়। আমরা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রাথমিক সার্জারির ব্যবস্থা করি।’
তিনি আরও জানান, ‘প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর কামাল উদ্দিন এর তত্ত্বাবধানে শিশুটির প্রাথমিক সার্জারি সম্পন্ন হয়েছে।’ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রেশমির বাম চোখ দিয়ে গুলি ঢুকে মাথার ভেতরে অবস্থান করছে, যা তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি করেছে। জরুরি ভিত্তিতে সার্জিক্যাল টয়লেটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করা হয়েছে।
বর্তমানে শিশুটিকে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনও পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
রেশমির সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. নাছের বলেন, ‘রেশমির জীবন বাঁচানো এখন সময়ের দাবি। যদিও তার বাম চোখটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুত গুলিটি অপসারণ করা সম্ভব হলে তার জ্ঞান ফিরে আসার এবং জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
গুলিবিদ্ধ শিশুটির বড় ভাই ফয়সাল আহম্মেদ জানান, দোকানে যাওয়ার পথে এলাকায় হঠাৎ গোলাগুলি শুরু হলে একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন