পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা।
পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে লিখেন, “পিএসএল ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।”
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিসিবি। সেখানে অনুমতি দেওয়ার কারণও তুলে ধরা হয়।
“একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।”
পিএসএলে অভিষেক ম্যাচে ভালো না করলেও পরের ৩ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট নেন নাহিদ। গতি-বাউন্সের সঙ্গে ধারাল বোলিং দিয়ে হয়ে ওঠেন দারুণ জনপ্রিয়।
পিএসএল ফাইনাল আগামী রোববার। এর পাঁচ দিন পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট, যেটি শুরু আগামী ৮ মে।
টেস্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে তাকে পিএসএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছিল বিসিবি। তবে ফাইনালের মতো ম্যাচ খেলার টেম্পারমেন্ট ও অভিজ্ঞতা অর্জনের ব্যাপারটি ভাবনায় রেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে।
বাবর আজমের সেঞ্চুরিতে পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে উড়িয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার।


