শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় বর্ষা সমিতির কর্মী বাবলুর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন শেষে বাড়ির গেটে তালা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ‘বর্ষা সমিতি’ নামে একটি এনজিওর কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একই গ্রামের কাশেম শেখের ছেলে ও সমিতির মাঠকর্মী বাবলু রহমান। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় আজগার ও ফিরোজ মোড়ে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা বাবলু রহমানের বাড়ি ঘেরাও করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শতাধিক ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ অংশগ্রহণ করে তাদের কষ্টার্জিত আমানতের টাকা দ্রুত ফেরতের দাবি জানান।মানববন্ধনে অংশ নিয়ে শহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, মিজানুর ইসলাম, সাজিদুল ইসলাম (ভোলা), মধু, রাজু, আকবর, জিন্নাত, জিয়াউর, রবিউল ইসলাম, সাইফুল, নাজমুলসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন,দীর্ঘদিন ধরে বাবলু রহমান ‘আজ দেবো, কাল দেবো’ বলে আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু বাস্তবে কোনো টাকা ফেরত দেননি। এতে আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।ভুক্তভোগীদের অভিযোগ, নাকতারা কালিবাড়ি শাখাভিত্তিক ‘বর্ষা’ নামের একটি এনজিওর মাধ্যমে তারা সঞ্চয় ও বিনিয়োগ করেছিলেন। পরিকল্পিতভাবে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর হঠাৎ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। অনেকেই একে সুপরিকল্পিত আর্থিক প্রতারণা হিসেবে দেখছেন।বিক্ষোভকারীরা বলেন,আমাদের জীবনের সঞ্চয় হারিয়ে আমরা আজ নিঃস্ব। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা ফেরত না দেওয়ায় আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো কার্যকর ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।পরে ক্ষুব্ধ গ্রাহকরা অভিযুক্ত বাবলু রহমানকে বাড়িতে না পেয়ে তার বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত টাকা ফেরতের দাবিতে কঠোর হুঁশিয়ারি দেন।অভিযোগের বিষয়ে বাবলু রহমান বলেন,সকল গ্রাহকই তাদের টাকা পাবেন। বর্তমানে অফিস সংক্রান্ত কিছু জটিলতা চলছে। অফিস থেকে টাকা পেলেই পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধ করা হবে।তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।মানববন্ধনে বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে।স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং