দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং কওমী মাদরাসার সনদের যথাযথ মান বাস্তবায়নের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মাগুরা জেলা শাখা। আজ ২২ এপ্রিল ২০২৬ইং তারিখে মাগুরার জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ সাহেবের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোমলমতি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক স্তরেই বিশেষজ্ঞ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া অপরিহার্য। এছাড়া কওমী সনদের যে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তার পূর্ণাঙ্গ ও কার্যকরী বাস্তবায়ন নিশ্চিত করে আলেম সমাজকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করার দাবি জানান তারা।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ অত্যন্ত আন্তরিকতার সাথে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং এটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই কর্মসূচি দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ। মাগুরা জেলা শাখার আজকের এই কার্যক্রম অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করেন। উক্ত অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।


