বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি না পেয়ে ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট

ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করায় ক্ষোভে ফেটে পড়ে বাইকাররা। এর প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে একটি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থেকেই মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে জ্বালানি নিতে এলে কর্তৃপক্ষ তাদের ফুয়েল কার্ড ছাড়া তেল দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন বাইকার প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বসেন।
অবরোধের ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
একজন ভুক্তভোগী বাইকার বলেন, “আমরা নিয়মিত এখানে তেল নিই। হঠাৎ করে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করায় আমরা বিপাকে পড়েছি। আগে কোনো পূর্ব ঘোষণা ছিল না।”
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবরোধ তুলে নিতে রাজি হন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, উর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন