শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় আগাম বোরো ধান কাটা শুরু, আশাবাদী কৃষকরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে উপজেলার কৃষকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। মাঠজুড়ে এখন ব্যস্ততা—ধান কাটা, মাড়াই ও রোদে শুকানোর কাজে দিন-রাত পরিশ্রম করছেন কৃষকরা।

উপজেলার শশীদল ইউনিয়ন, মালাপাড়া ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন এবং চান্দলা ইউনিয়ন-এর বিভিন্ন মাঠে আগাম জাতের ধান কাটার দৃশ্য দেখা গেছে। কোথাও কোথাও ধান মাড়াই শেষে খোলা আকাশের নিচে শুকানো হচ্ছে। কয়েকদিনের টানা রোদে কৃষকরা ধান দ্রুত ঘরে তুলতে পারছেন বলে জানান।

কৃষকদের ভাষ্য, এবারের ফলন আশানুরূপ হয়েছে। পর্যাপ্ত রোদ থাকায় ধান শুকাতে সমস্যা হচ্ছে না, ফলে সংরক্ষণও সহজ হচ্ছে। সদর ইউনিয়নের কৃষক মোহন মিয়া বলেন, “এবার ফলন ভালো হয়েছে। আবহাওয়া সহায়ক থাকায় ধান কাটতে সুবিধা হচ্ছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ভালো লাভের আশা করছি।”

অন্যদিকে সিদলাই ইউনিয়নের কৃষক মান্নান জানান, “আগাম জাতের ধান কাটতে পারায় আমরা খুশি। এখন শুধু ভালো আবহাওয়া আর ভালো দামের অপেক্ষা।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ তার চেয়েও বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনুকূল আবহাওয়ার প্রভাবে ফলনও সন্তোষজনক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, “এ বছর আবহাওয়া ভালো থাকায় বোরো ধানের ফলন আশাব্যঞ্জক। অনেক এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”

কৃষি বিভাগ আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের উৎপাদন রেকর্ড পরিমাণ হতে পারে, যা কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং