দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়ন পরিষদ হতে বেকীপুল আরএইচডি ভাড়াকাঁচারী বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অত্র এলাকায় যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং যাতায়াত সহজতর করার লক্ষ্যে এই সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।
উদ্বোধন শেষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন প্রধান অতিথি। এ সময় মাননীয় হুইপ বলেন, জনবান্ধব সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় উপজেলা পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন একটি বড় অংশ। এই সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে এবং স্থানীয় সাধারণ মানুষ যাতায়াতে বিশেষ সুবিধা পাবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়ক উন্নয়ন প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপস্থিত সুধীজন।


