নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ফিলিং স্টেশনকে কেন্দ্র করে তেল সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। এতে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার খন্দকার শরিফুল ইসলামের সম্পৃক্ততার দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ ও বিক্রয় প্রক্রিয়ায় অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি, কৃত্রিম সংকট তৈরি এবং সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহ নিয়ন্ত্রণের মতো অভিযোগও উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনটিতে তেল সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন কয়েকজন ভুক্তভোগী। তারা জানান, নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে তেল নেওয়ার চাপ দেওয়া হয় এবং সাধারণ ক্রেতারা অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পান না। তাছাড়া ঘন্টার পর ঘন্টা বাইকাররা লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পাচ্ছে না আর ট্যাগ অফিসারের সম্পৃক্ততায় জারকিনে বোতলে তেল সরবরাহ করছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


