শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্যমাত্রার কাছাকাছি আটঘরিয়ায় ভুট্টা আবাদ, উৎপাদনে আশাবাদী কৃষি বিভাগ

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ মৌসুমে ভুট্টা চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি আবাদ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৪০ হেক্টর জমি। এর বিপরীতে ইতোমধ্যে আবাদ হয়েছে ৫২২ হেক্টর জমিতে।
তবে গত ২০২৪-২০২৫ মৌসুমে উপজেলায় মোট ৫৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছিল। সে তুলনায় এবার কিছুটা কম আবাদ হলেও লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেছে কৃষি বিভাগ।
উপজেলার চাঁদভা, একদন্ত, দেবোত্তর, মাজপড়া এবং লক্ষিপুর  ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় কৃষকরা ভালো ফলনের আশা করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম পাওয়ায় তারা এ ফসলের প্রতি আগ্রহী। অনেক কৃষক ধান চাষের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে ভুট্টা চাষ করছেন।
একদন্ত ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন বলেন, “ভুট্টা চাষে লাভ ভালো হওয়ায় প্রতি বছরই আবাদ বাড়ানোর চেষ্টা করি। এবার কিছুটা জমি কম হলেও ফলন ভালো হলে ক্ষতি পুষিয়ে যাবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাতের বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতি হেক্টরে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং রোগবালাই প্রতিরোধে সচেতনতা বাড়াচ্ছেন।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না  বলেন, “লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ আবাদ সম্পন্ন হয়েছে, যা ইতিবাচক দিক। গত বছরের তুলনায় কিছুটা কম হলেও উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছি।”
তবে কিছু কৃষক সেচের সমস্যা কথা  বলছেন, এ সমস্যা সমাধান করা গেলে আগামী মৌসুমে ভুট্টার আবাদ আরও বাড়ানো সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত চাষাবাদ ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে আটঘরিয়া উপজেলায় ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং