আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশের উদ্যোগে ফ্রি বাস, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় ঈদযাত্রা ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সেবার ঘোষণা দেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার বলেন, ঈদ উপলক্ষে ভোলায় আগত ও ভোলা থেকে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে ইলিশা ঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড পর্যন্ত বিশেষ ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি জরুরি অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিতে ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবাও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদযাত্রাকে নিরাপদ করতে সড়ক ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিএনজি চালিত অটোরিকশায় চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করা হয়েছে এবং তিনজনের বেশি যাত্রী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন মালিকদের সতর্ক করা হয়েছে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ সময় লঞ্চ মালিকদের খাবারের মান উন্নত করা এবং লঞ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান পুলিশ সুপার। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ওন ক্যামেরা ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে এবং যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বশির আলম ও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পরিবহন, লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


