পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের বাসিন্দাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
পৌরসভার উদ্যোগে পরিচালিত এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মোট ১৫৪২ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি) বরাদ্দ দেওয়া হয়। সেখান থেকে পৌর এলাকার ৪৬২৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে দ্রব্যমূল্যের চাপের মধ্যে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও পৌরসভার পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চাল বিতরণ কার্যক্রমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


