বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাটকেলঘাটার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সাফল্যের গল্প

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কৃতি সন্তান ও প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আজ দেশের আইটি ও পাওয়ার ইকুইপমেন্ট খাতে এক পরিচিত নাম। সততা, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে।
ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি খুব অল্প বেতনের একটি চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেন। সে সময় তার মাসিক বেতন ছিল মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। সীমিত আয়ের মধ্যেও তিনি বড় স্বপ্ন দেখতেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যান।
পরবর্তীতে নিজের মেধা, অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে ছোট পরিসরে প্রতিষ্ঠা করেন প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেড। শুরুতে ছোট উদ্যোগ হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকায় আইটি ও পাওয়ার ইকুইপমেন্ট ব্যবসায় একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
জানা গেছে, দেশের প্রায় ৪১টি ব্যাংকে বিভিন্ন ধরনের পাওয়ার ও আইটি ইকুইপমেন্ট সরবরাহ করছে প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেড। এছাড়া বাংলাদেশে মেট্রোল কার্ড সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জেনারেটর, ইউপিএস, আইপিএস, এসি ইনস্টলেশন, লিথিয়াম ব্যাটারি এবং বহুতল ভবনে পাওয়ার সিস্টেম ইনস্টলেশনের কাজ করে থাকে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি ঢাকাস্থ তালা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের মাধ্যমে ঢাকায় আগত তালা উপজেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং এলাকার তরুণদের এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের পিতা আলহাজ্ব সরদার মুজিবুর রহমান একজন সাবেক ইউপি সদস্য। ব্যক্তিগত জীবনে আলমগীর হোসেন একজন ক্লিন ইমেজের, নিরহংকারী ও সাদা মনের মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় বিশেষ করে ফেসবুকে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে আগামী তালা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন নিজের ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নির্বাচন করতে আগ্রহী নন। তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী  উপার্জনের মাধ্যমে জীবনযাপন করতে চান। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমার এলাকার কোনো অসহায় মানুষ যদি চিকিৎসার অভাবে কষ্ট পায়, আমি তাকে সাহায্য করতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচন করা জরুরি নয়। আমি আমার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
ভবিষ্যতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানকে আরও সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান। পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তার। সফল এই উদ্যোক্তা তার জীবন ও কর্মের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনাকরেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন