নির্বাচন এলেই মেলে প্রতিশ্রুতি, কিন্তু নির্বাচন পেরোলেই ফুরিয়ে যায় নেতাদের খোঁজ। বছরের পর বছর ধরে এমনই এক চরম বাস্তবতার মুখোমুখি নওগাঁর মহাদেবপুর উপজেলার ৩ নং খাজুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা।
৪ নং ওয়ার্ডের অন্তর্গত আলিদেওনা গ্রামের পশ্চিম পাড়া ঠাকুরবাড়ি দক্ষিণ দিকের রাস্তাটির এখন চূড়ান্ত শোচনীয় দশা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা শুনে আসছেন এই কাঁচা রাস্তায় ‘হেয়ারিং’ বা ইটের গাঁথুনি দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর পার হলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখেনি ভুক্তভোগী গ্রামবাসী।
মাঠের ধান ঘরে তুলতে চরম ভোগান্তি
বর্তমানে চলছে ইরি-বোরো ধান কেটে ঘরে তোলার ভর মৌসুম। একদিকে তীব্র শ্রমিক সংকট, অন্যদিকে অনাবৃষ্টি ও আবহাওয়াজনিত কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে এমনিতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। এর ওপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই ভাঙাচোরা রাস্তা।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির বিভিন্ন স্থানে প্রায় আড়াই থেকে তিন ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই কর্দমাক্ত ও ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে মাঠের ধান আনা তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন আলিদেওনা ও সন্তোষ গ্রামের কয়েকশ কৃষক ও সাধারণ মানুষ।
জনপ্রতিনিধিদের বক্তব্য
রাস্তার এই দুরাবস্থা নিয়ে গতকাল ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ খালেক সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তবে ৩ নং খাজুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বেলাল উদ্দিন বর্তমানে একটি জরুরি কাজে দেশের বাইরে অবস্থান করছেন। চেয়ারম্যান সাহেব দেশে না ফেরা পর্যন্ত এই মুহূর্তে নতুন কোনো সিদ্ধান্ত বা বড় ধরনের সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
অবিলম্বে সংস্কারের দাবি
চেয়ারম্যানের অনুপস্থিতিতে ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মনে। আলিদেওনা ও সন্তোষ গ্রামবাসীর পক্ষ থেকে ৩ নং খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বেলাল উদ্দিন স্যারের কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে, তিনি যেন দেশে ফিরেই জনস্বার্থে অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন এবং এলাকাবাসীকে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি দেন।


