দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সংঘটিত একটি বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ঘুরাতলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
এদিকে মানববন্ধন ও বিক্ষোভকে কেন্দ্র করে ঘুরাতলী এলাকায় ব্যাপক উত্তেজনা ও যানজটের সৃষ্টি হলে খবর পেয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয় দ্রুত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
ওসি মহোদয় উত্তেজিত জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করে বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে। পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত কেউই ছাড় পাবে না, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।”
পরবর্তীতে ওসি মহোদয়ের এমন সুষ্ঠু আশ্বাসের পর তাঁর বিশেষ অনুরোধে উত্তেজিত জনতা ও বিক্ষোভকারীরা রাস্তা ফাঁকা করে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই যার যার গন্তব্যে চলে যান। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।


