রাজধানীর হজ্জক্যাম্প থেকে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়াল উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে এবং চুরিকৃত অর্থের বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২২ এপ্রিল এক হজযাত্রীর কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে চাঁদপুর জেলা পুলিশ ও সিটি এসবি যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।
সিটি এসবির তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক।
মতলব এলাকা থেকে শুরু করে মুন্সিগঞ্জ হয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে গভীর রাতে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নাদিম নামে আরও একজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চুরিকৃত ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া চুরির অর্থ ভাঙিয়ে নেওয়া টাকার একটি অংশও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এখনও পলাতক রয়েছে। তার অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


