কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের কলম দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকলে সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, সত্য ও মানবতার পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা সময়ের দাবি।
মঙ্গলবার (২৪ মার্চ) কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক মোস্তাক মিয়া বলেন, “গণমাধ্যমকর্মীদের প্রতিটি শব্দ যেন ন্যায় ও নীতির পক্ষে অবস্থান নেয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্কতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে, যাতে নিরপরাধ কেউ ক্ষতিগ্রস্ত না হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, অপসাংবাদিকতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এ ধরনের অনিয়ম প্রতিরোধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত নৈতিকতা রক্ষা করে সম্মিলিতভাবে অপসাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি আ.হ.ম তাইফুর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে প্রশাসক মোস্তাক মিয়া বুড়িচং উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি বুড়িচং ডাক বাংলোর সংস্কারকাজ এবং চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


