বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ চলছে, আপনারা সংসদে যান’: সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী

সিলেটের কয়েকজন সংসদ সদস্যকে (এমপি) বিমানবন্দরে দেখে দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে তারেক রহমান বলেন, ‘আজ সংসদ চলছে। সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই। আপনারা সংসদে যান।’

পরে বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। পথে সিলেটের চৌকিদেখী এলাকায় লাক্কাতুড়া চা-বাগানসংলগ্ন সড়কে চা-শ্রমিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃষ্টি উপেক্ষা করে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে ও গাড়িতে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

এ ছাড়া সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। সাধারণ মানুষও সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন