মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিন্দুশক্তি আস্থানা প্রাঙ্গণে হযরত শাহ বাহের (রহ.)-এর ২২তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ওরশকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হবে।
আয়োজকদের প্রচারপত্র অনুযায়ী, ওরশের প্রধান দিবস আগামী ২১ আগস্ট শুক্রবার। এদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে বাবার রওজা গোসল ও গিলাফ পরানো, সকাল ৮টায় মিলাদ মাহফিল এবং সকাল ৯টায় তবারক বিতরণ করা হবে। রাতে ১০টা থেকে মুর্শিদি, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আয়োজন থাকবে।
এর আগে ২০ আগস্ট বৃহস্পতিবার বাদ ফজর থেকে কোরআন তেলাওয়াত এবং রাত ১০টা থেকে হযরত শাহ বাহের (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে তবারক বিতরণ এবং রাতে ভক্তিমূলক গানের আয়োজন থাকবে। ২৮ আগস্ট বার্ষিক ‘সিন্নি’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওরশ উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওরশ মোবারক ও অনুষ্ঠানস্থলে আগত ভক্তদের সার্বিক সহযোগিতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


