চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে চুরি মামলার দুই সন্দেহভাজন আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ ২০ জানুয়ারি ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তে দুই সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জনি হোসেন (২১), পিতা ইয়াছিন হোসেন, সাং- রান্ধুনীমুড়া (মিজি বাড়ী), এবং মিন্টু (২৯), পিতা মৃত এসু মিয়া, মাতা মনোয়ারা বেগম, সাং- রায়চো (মিজি বাড়ী)। তারা উভয়েই হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অপরদিকে, এএসআই (নিঃ) নিউটন কর্মকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন বেরকি চৌধুরী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল হোসেন (৩৫), পিতা শহিদুল ইসলাম, সাং- বেরকি (ছোয়ানী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, তাকে ধর্তব্য অপরাধ সংঘটন থেকে নিবৃত রাখার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার পক্ষ থেকে বলা হয়েছে, চুরি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।


