বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লামায় হাম আক্রান্ত ১১ মাস বয়সী শিশুর মৃত্যু, চিকিৎসার লড়াইয়ে থেমে গেল তুমপয় ম্রোর জীবন

বান্দরবানের দুর্গম লামা উপজেলার রূপসী ইউনিয়নের পুমনাও পাড়ায় হাম আক্রান্ত হয়ে তুমপয় ম্রো (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম তনওয়াই ম্রো এবং মাতার নাম সংলিউ ম্রো।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে হাম আক্রান্ত হয়ে অসুস্থ ছিল শিশু তুমপয় ম্রো। অবস্থার অবনতি হলে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়া, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে।
এদিকে বান্দরবানের লামা, আলীকদম ও থানচিসহ বিভিন্ন দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকেই নতুন করে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা, টিকাদান কার্যক্রম জোরদার এবং দুর্গম এলাকায় বিশেষ মেডিকেল টিম পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হাম ব্যাপক আকার ধারণ করে সেখানে আক্রান্ত হয়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং