রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। একটি গাছ একটি প্রাণ—তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যা করা।” তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানামুখী ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে। অনুষ্ঠান শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, পরিবেশবান্ধব সমাজ গঠন এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন