মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন
কৃষকরা।
১৫ আগস্ট শনিবার সকালে মাঠে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান জমির মালিকরা। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মাঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরগোয়াল গ্রামের কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপনের প্রায় তিন বিঘা জমিতে কলার চাষ করা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগ জমি বর্গা নিয়ে চাষ করা হয়। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে প্রতিটি কলাগাছ কেটে দুই খণ্ড করে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধারদেনা ও শ্রম দিয়ে কলার বাগান তৈরি করেছিলেন তারা। গাছগুলোতে ফলন আসার সময় ধএমন ঘটনা ঘটায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, চরগোয়াল গ্রামের মাঠে ছয় কৃষকের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আঁধারে কেটে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।


